প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
নজরুল ইসলাম প্রধানের উদ্যোগে চরবক্তাবলীর বেহাল সড়ক সংস্কার
নিজস্ব প্রতিবেদক ||
বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধানের সহযোগিতায় নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরবক্তাবলীর দীর্ঘদিনের বেহাল অবস্থায় থাকা প্রধান সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচলে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় এলাকার দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছিল দুর্বিষহ। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকত, ফলে মুসুল্লিদের মসজিদে যেতে কষ্ট হতো। একই সঙ্গে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতেও দেখা দিত নানা সমস্যা। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসী বক্তাবলী ইউনিয়ন বিএনপির শরণাপন্ন হলে ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ নেতৃবৃন্দ রাস্তাটি পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তারা সড়কের করুণ অবস্থা দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। পরিদর্শনের পরদিনই নজরুল ইসলাম প্রধানের উদ্যোগে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে দ্রুত রাস্তাটি মেরামতের কাজ শুরু করা হয়। তার তৎপরতায় সড়ক সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় তারা নজরুল ইসলাম প্রধানের প্রতি কৃতজ্ঞ। তারা তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। পাশাপাশি স্থানীয়রা নজরুল ইসলাম প্রধানের মাধ্যমে বক্তাবলী ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে সরকারি উদ্যোগে সড়কটি প্রশস্ত ও টেকসইভাবে সংস্কারের আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ