প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
কুমুদিনী-সিরাজউদ্দোল্লা সড়কে হকার কেন? প্রশ্ন করলেন আশা
||
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সবাই এখন একমত এবং এ কার্যক্রম চলমান থাকবে। তবে কুমুদিনী থেকে সিরাজউদ্দোল্লা সড়কে এখনও হকার থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে কালিরবাজার ফ্রেন্ডস মার্কেটের সামনে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম চলাকালে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ অভিযানে নেতৃত্ব দেন তিনি নিজেই।আশা বলেন, আগে হকারদের বিষয়ে ভিন্নমত থাকলেও এখন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই একমত হয়েছেন যে, নগরবাসীর স্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে হবে। তিনি হকারদের সতর্ক করে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।হকারদের পুনর্বাসনের বিষয়ে তিনি জানান, বৈধ উপায়ে নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের সুযোগ দেওয়া হতে পারে। এ জন্য হকারদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে এবং উপযুক্ত স্থান চিহ্নিত করতে আহ্বান জানান তিনি। তবে কোনো অবস্থাতেই শহরের সড়ক বা ফুটপাতে পুনর্বাসন করা হবে না বলে স্পষ্ট করেন।এ সময় তিনি অভিযোগ করেন, কিছু প্রভাবশালী ব্যবসায়ী ও মার্কেটের দোকানদাররাও ফুটপাত দখল করে রেখেছেন। তাদের বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একই শহরে ভিন্ন ভিন্ন আইনের প্রয়োগ হতে পারে না।এছাড়া, চলমান এসএসসি পরীক্ষার সময় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান আশা। তিনি হকার ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ