প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
বক্তাবলি খেয়াঘাট ইজারা ঘিরে সংঘর্ষ: গু'ন্ডামি ঠেকাতে কঠোর ব্যবস্থার কথা জানালেন এমপি আল আমিন
||
নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী খেয়াঘাটের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার ওপর জোর দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।সোমবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপির নেতা-কর্মীরা জড়িয়ে পড়েন এবং উভয়পক্ষের কয়েকজন আহত হন।ঘটনার পর ফেসবুকে দেওয়া এক বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, সরকারি ইজারা কার্যক্রম অবশ্যই স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হতে হবে। কেউ এতে বাধা সৃষ্টি করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।তিনি দাবি করেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এনসিপির মাধ্যমে হকার, হাট-বাজার, ঘাট বা পরিবহন খাত থেকে কোনো ধরনের অবৈধ অর্থ আদায় করা হয়নি এবং ভবিষ্যতেও এমন সুযোগ দেওয়া হবে না। এনসিপির নাম ব্যবহার করে কমিশন বাণিজ্য বা চাঁদাবাজির অভিযোগও তিনি নাকচ করেন।অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাসী প্রভাব খাটিয়ে ইজারা প্রক্রিয়া বাধাগ্রস্ত করে কম মূল্যে ইজারা নেওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে সরকার রাজস্ব হারিয়েছে। তাই প্রকৃত ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ইজারা উন্মুক্ত রাখা জরুরি বলে মন্তব্য করেন তিনি।সংঘর্ষের বর্ণনায় তিনি উল্লেখ করেন, দরপত্র জমা দিতে গেলে বিএনপির পরিচয়ে কিছু ব্যক্তি বাধা দেয়। এ সময় এনসিপি নেতা তরিকুল ও তাওহীদ প্রতিবাদ করলে তাদের ওপর হামলা হয়। পরে স্থানীয় জামায়াত নেতা আবু বকরসহ সাধারণ মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।এমপি আমিন বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা হবে এবং রাষ্ট্রের আর্থিক ক্ষতি বা সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্নের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।রাজনৈতিক বিষয়ে তিনি জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের সঙ্গে এনসিপির বিরোধ নেই। মতপার্থক্য থাকলেও সহাবস্থান ও রাজনৈতিক সৌজন্যে বিশ্বাসী তারা। তবে অপরাধী যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।এছাড়া, উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে নারায়ণগঞ্জের রাজনীতিবিদ, ব্যবসায়ী, ছাত্র ও শ্রমিকসহ সকল শ্রেণির মানুষকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ