প্রিন্ট এর তারিখ : ২৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
আমি আওয়ামী লীগের আ'তঙ্ক: টিপু
||
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, তিনি বিএনপির নয়, আওয়ামী লীগের আতঙ্ক। একই সঙ্গে বিএনপির ভেতরে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে, তাদের কাছেও তিনি আতঙ্কের কারণ বলে মন্তব্য করেছেন।শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের কালাবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে জেলা ও মহানগর জাসাস আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।টিপু বলেন, একজন আদর্শবান নেতাই আদর্শবান কর্মী তৈরি করতে পারেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান নেতা। যদি নেতাকর্মীরা সেই আদর্শ অনুসরণ করতেন, তাহলে রাজনৈতিক সভা-সমাবেশে আরও শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি যথাযথ সম্মান দেখা যেত।তিনি বলেন, অনেকেই অভিযোগ করেন যে তাদের দাওয়াত দেওয়া হয় না। অথচ যাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, তারাও বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। তারপরও আন্দোলন-সংগ্রামের সময় অনেককে পাশে পাওয়া যায় না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।জাসাস নেতাকর্মীদের উদ্দেশে টিপু বলেন, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তাদের তিনি ধন্যবাদ জানান। তবে আন্দোলন-সংগ্রামের সময় অনেকেই নিষ্ক্রিয় থাকেন, যা হতাশাজনক।তিনি আরও বলেন, “আমরা কখনো ভয় পাইনি। নারায়ণগঞ্জের শামীম ওসমান কিংবা শেখ হাসিনাকেও ভয় করিনি।” নিজের অবস্থান তুলে ধরে তিনি দাবি করেন, কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকায় তিনি সাহসের সঙ্গে কথা বলতে পারেন।টিপু বলেন, “আমি বিএনপির আতঙ্ক নই, আওয়ামী লীগের আতঙ্ক। আর যারা দলে ঘাপটি মেরে আছে, তাদের কাছেই আমি আতঙ্ক।”সভায় জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান। উদ্বোধক ছিলেন জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন।এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ