প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
বন্দরে পুলিশের ওপর হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া সরকারি শর্টগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।শুক্রবার (১ মে) নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে লিমা-৪ টিমের রাত্রিকালীন ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স ও ভুক্তভোগীদের নিয়ে বন্দর থানাধীন পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার হাবিব নগর রোডে গুলু মিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে যান। সেখানে পৌঁছামাত্র ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।হামলায় কনস্টেবল ফয়সাল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তার ডান হাতের দুটি আঙুল মারাত্মক জখম হয় এবং পেটে গভীর ক্ষত সৃষ্টি হয়। এ সময় তার কাছ থেকে ইস্যুকৃত সরকারি শর্টগানটি ছিনিয়ে নেয় হামলাকারীরা। এছাড়া এএসআই সোহেল রানার ডান পায়েও কুপিয়ে জখম করা হয়।খবর পেয়ে বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ির অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থলের পাশেই একটি বেল গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিনতাইকৃত শর্টগানটি উদ্ধার করে। একই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ