প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
বক্তাবলীর রাধানগরে মাদ্রাসায় আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা, পুড়ে ছাই শ্রেণিকক্ষ ও ধর্মীয় বই
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী ইউনিয়নের রাধানগরে অবস্থিত মাদরাসায়ে আলী (রা.) দারুল উলূম মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাস ও শ্রেণিকক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৯ মে গভীর রাতে সংঘটিত এই ঘটনায় একাধিক শ্রেণিকক্ষ পুড়ে যায় এবং শিক্ষার্থীদের বই-খাতা, কিতাব, কুরআন শরীফ, হাদিসের বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও চেয়ার-টেবিল, রেহাল ও ফ্যান-লাইটসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী আগুনে পুড়ে নষ্ট হয়েছে।মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, মাদ্রাসাবিরোধী একটি চক্র পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম সাইদুর রহমান ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ৯ মে রাত আনুমানিক ২টার দিকে মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাসে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, এলাকার কিছু দুষ্কৃতিকারী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। অগ্নিকাণ্ডে শ্রেণিকক্ষ পুড়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অনেক শিক্ষার্থী সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। পুরো মাদ্রাসাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী।উল্লেখ্য, কিছুদিন আগে রাধানগর ঈদগাহ ও কবরস্থানের পাশে মাদ্রাসাটির নতুন বহুতল ভবন নির্মাণকাজ শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ