প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
আইভীকে দেখতে গিয়ে চাকরি হারালেন সিটি করপোরেশনের কর্মচারী
||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে তার বাসায় যাওয়ার পর টরিক আহমেদ নামে এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। টরিক নিজেই বিষয়টি নিশ্চিত করে এ অভিযোগ করেছেন।টরিক আহমেদ জানান, তিনি সিটি করপোরেশনে পিয়নের দায়িত্বে ছিলেন এবং আইভীর পাশের বাড়িতেই তার বসবাস। জামিনে কারামুক্ত হয়ে আইভী বাসায় ফেরার পর তিনি প্রতিবেশী হিসেবে তাকে দেখতে যান।তার দাবি, পরে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন তাকে ডেকে নিয়ে ওই ঘটনার বিষয়ে জানতে চান। এরপরই তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়।তবে নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান চাকরিচ্যুত করার বিষয়টি স্বীকার করলেও দাবি করেন, আইভীর সঙ্গে দেখা করার কারণে নয়, বরং অন্য একটি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।তিনি বলেন, টরিক সিটি করপোরেশনে হাজিরা দিয়ে একটি ব্যাংকের এজেন্ট শাখায় কর্মরত ছিলেন, যা বিধিবহির্ভূত। এ কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।উল্লেখ্য, দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে বুধবার রাতে বাসায় ফেরেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। এরপর থেকেই আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে দেখতে ভিড় করছেন এবং অনেকেই ফোনে শুভেচ্ছা জানাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ