প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
কারামুক্তির পর ৬০-এ আইভী
||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনবারের নির্বাচিত সাবেক মেয়র ও আলোচিত রাজনীতিক ডা. সেলিনা হায়াৎ আইভী ৬০ বছরে পদার্পণ করেছেন। ১৯৬৬ সালের ৫ জুন নারায়ণগঞ্জ শহরের দেওভোগে তার জন্ম।গত বছর নিজের জন্মদিন ও ঈদুল আজহা কারাগারে কাটাতে হলেও এবার জামিনে মুক্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাসভবনেই দিনটি উদযাপন করেছেন তিনি। দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বর্তমানে দেওভোগের ‘চুনকা কুটির’ বাসভবনে অবস্থান করছেন।২০২৫ সালের ৯ মে সকালে নিজ বাসা থেকে পুলিশ তাকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে টানা ১৩ মাস কারাগারে থাকতে হয়। ওই সময়ের মধ্যেই তার জন্মদিন ও ঈদুল আজহা বন্দি অবস্থায় কাটে।রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা আইভীর বাবা আলী আহাম্মদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা। মা মমতাজ বেগম। ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশের মধ্যেই তার বেড়ে ওঠা।শিক্ষাজীবনে দেওভোগ আখড়া বিদ্যালয়, নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল ও মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৯২ সালে রাশিয়ার ওডেসা পিরাগোভ মেডিকেল ইনস্টিটিউট থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি।১৯৯৫ সালে কম্পিউটার প্রকৌশলী কাজী আহসান হায়াৎকে বিয়ে করে নিউজিল্যান্ডে যান আইভী। সেখানে মেডিকেল ল্যাব সায়েন্সে পড়াশোনা করেন। তাদের দুই ছেলে সাদমান হায়াৎ সীমান্ত ও সাদরিল হায়াৎ অনন্ত।দেশে ফিরে ২০০৩ সালে অল্প সময়ের প্রস্তুতিতে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন এবং প্রথম নারী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৬ ও ২০২২ সালেও নির্বাচিত হয়ে টানা তিন মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে প্রায় ২২ বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ রাজনৈতিক জীবনে বড় ধরনের দুর্নীতির অভিযোগ না ওঠা, দখলদারিত্ব ও সন্ত্রাসবিরোধী অবস্থান এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে আইভী পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসেবে পরিচিতি লাভ করেন। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি স্বীকৃতি পেয়েছেন। ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার সাময়িকী দ্য এশিয়ান তাকে এশিয়ার প্রভাবশালী নারী মেয়রদের তালিকায় সপ্তম স্থানে স্থান দেয়। এছাড়া সমাজসেবায় অবদানের জন্য বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপও অর্জন করেন তিনি।গত বছরের বন্দিদশার স্মৃতিকে পেছনে ফেলে এবার পরিবারের সান্নিধ্যে ৬০তম জন্মদিন উদযাপন করলেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ