প্রিন্ট এর তারিখ : ০৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
বন্দরে হ'ত্যা মা'মলা নিতে ঘু'ষ চাওয়ায় থানা ঘেরাও ঘটনার পর প্র'ত্যাহার করা হলো এসআই মাসুদকে
||
নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মামলা গ্রহণে গড়িমসি ও ঘুষ দাবির অভিযোগ তুলে নিহতের স্বজন ও স্থানীয়রা মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করলে অভিযোগের মুখে সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টর (এসআই) মাসুদকে প্রত্যাহার করা হয়।রোববার (৭ জুন) সন্ধ্যায় ঢাকা থেকে নিহত মো. জোবায়েরের (১৮) মরদেহ বন্দর এলাকায় পৌঁছানোর পর শত শত মানুষ তা নিয়ে থানার সামনে জড়ো হন। এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে মামলা নিতে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দরের এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৩ জুন রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজের উত্তর পাশ এলাকায় তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় জোবায়ের বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তার মৃত্যু হয়।নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর মামলা করতে থানায় গেলেও তা গ্রহণ করা হয়নি। এছাড়া মামলা নথিভুক্ত করার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়েছিল বলেও অভিযোগ তোলেন নিহতের স্বজন ও প্রতিবেশীরা।জোবায়েরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা মরদেহ নিয়ে থানার সামনে অবস্থান নেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত, আসামিদের গ্রেপ্তার ও পুলিশের ভূমিকার ব্যাখ্যা দাবি করেন।এ বিষয়ে বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। ঘুষ দাবির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়েছে। তবে মামলা করতে এসে ফিরে যাওয়ার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ