প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
কোটি টাকার কিস্তির প্রলোভন,তারপর উধাও! 'বক্তাবলীর ‘ইপসা’
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকায় কিস্তি সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ‘ইপসা’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে আত্মগোপনে চলে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বক্তাবলী ইউনিয়ন থেকেই প্রতিষ্ঠানটি সমিতির কার্যক্রম শুরু করে। কিস্তি ও বিভিন্ন আর্থিক সুবিধার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়। পরে হঠাৎ করেই প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা গা-ঢাকা দেয়।ভুক্তভোগীদের অভিযোগ, শুধু বক্তাবলী ইউনিয়ন থেকেই প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আর পুরো নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন এলাকার মানুষকে প্রতারণার মাধ্যমে প্রায় এক কোটি টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে।তথ্যসূত্রে জানা গেছে, এর আগে মুন্সীগঞ্জ জেলাতেও একই কৌশলে প্রতারণার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। এরপর তারা নারায়ণগঞ্জে এসে কার্যক্রম পরিচালনা করে বলে অভিযোগ উঠেছে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, অভিযুক্তদের একটি সংঘবদ্ধ টিম রয়েছে। তারা সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করে এবং একপর্যায়ে আত্মগোপনে চলে যায়। ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযুক্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।এদিকে, অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীদের সন্ধান দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন কয়েকজন ভুক্তভোগী। তাদের দাবি, টাকা ফেরত পাওয়ার পাশাপাশি প্রতারকদের পরিচয় সবার সামনে তুলে ধরা জরুরি, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন।তবে এ বিষয়ে তাঁদের কল দিলে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।তাঁদের অফিসের নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ