প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
রাজনীতির মাঠ গরম করতে গিয়ে ব্যবসায়ীদের ক্ষতি করবেন না : মামুন মাহমুদ
||
রাজনৈতিক উদ্দেশ্যে অপ্রয়োজনীয় বিষয়কে বড় করে তুলে ধরে এমন কোনো পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তার ভাষায়, রাজনীতির মাঠ উত্তপ্ত করতে গিয়ে যেন ব্যবসায়ী সমাজ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শহরের হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা, ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশের অর্থনীতি নানা সংকটে বিপর্যস্ত হয়েছে এবং দুর্নীতির কারণে ক্ষতির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে সহযোগিতা করতে হবে।তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ব্যবসায়ীদের মূল অর্থনৈতিক ধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রেও শহীদ জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি গার্মেন্টস খাত এবং এর সঙ্গে হোসিয়ারি শিল্পও ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘমেয়াদি চিন্তা ও নীতিনির্ধারণের মাধ্যমে এসব খাতের ভিত্তি গড়ে তোলা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।বর্তমান সরকারেরও বিভিন্ন নতুন নীতিমালা রয়েছে উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, এসব নীতির সুফল কাজে লাগিয়ে উদ্যোক্তাদের নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া উচিত।বিএনপির এই নেতা দাবি করেন, সততার সঙ্গে রাষ্ট্র পরিচালনার কারণেই জাতীয়তাবাদী দল একাধিকবার জনগণের আস্থা অর্জন করে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। তার মতে, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক দলগুলোর মত প্রকাশের পরিবেশ নিশ্চিত হয়েছিল।তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সব রাজনৈতিক দলের উচিত এমন একটি পরিবেশ সৃষ্টি করা, যেখানে রাজপথ ও জাতীয় সংসদ উভয়ই গঠনমূলক আলোচনা এবং গণতান্ত্রিক চর্চার কার্যকর কেন্দ্র হিসেবে ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু। সঞ্চালনায় ছিলেন সংগঠনের পরিচালক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, আমীর মাওলানা আবদুল জব্বার, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এবং সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ