প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
সবুজে বদলাবে নারায়ণগঞ্জ, ৫০ হাজার গাছ রোপণের ঘোষণা সাখাওয়াতের
||
নারায়ণগঞ্জকে আরও পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্য নিয়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। জাতীয় পর্যায়ে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগের অংশ হিসেবে শনিবার (১৩ জুন) দেওভোগের নারায়ণগঞ্জ সিটি পার্কে চারা রোপণের মাধ্যমে স্থানীয় কর্মসূচির উদ্বোধন করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।উদ্বোধনী পর্বে একটি সোনালু গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন তিনি। প্রথম ধাপে ঝাউ, বেল, অর্জুন, সোনালু, জারুল, মেহগনি, পাকুড়সহ মোট আট প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, দেশকে আরও সবুজ ও সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর প্রথম বছরে সারাদেশে পাঁচ কোটি গাছ লাগানো হবে, যার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার গাছ।তিনি আরও বলেন, শুধু চারা রোপণ করাই নয়, সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সিটি কর্পোরেশনের অগ্রাধিকার। সরকারি পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন খাল পুনঃখননের পর খালের দুই পাড়ে তাল, খেজুর, চালতা, নারকেল ও কৃষ্ণচূড়াসহ নানা প্রজাতির গাছ লাগানো হবে এবং সেগুলো রক্ষায় প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে।নারায়ণগঞ্জকে একটি সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নাসিক প্রশাসক বলেন, রোপণ করা ৫০ হাজার গাছের দেখভালের জন্য নির্দিষ্ট এলাকাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থাও থাকবে, যাতে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে। একই সঙ্গে তিনি এই উদ্যোগ সফল করতে নগরবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আজগর হোসেন, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা ফরিদ আহমেদ মিরাজ, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এবং মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ