প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
নেতৃত্ব সংকটেই অযোগ্যদের উত্থান, রুচির দুর্ভিক্ষ হলে অযোগ্যদের ভোট দেবে জনগণ: সেলিম জাবেদ
নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে চেয়ারম্যান পদ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইতোমধ্যে প্রায় ১৫ জন সম্ভাব্য প্রার্থী বিভিন্নভাবে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন। এতে পুরো ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ।এদিকে, অতিরিক্ত সংখ্যক প্রার্থী এবং তাদের মধ্যে কয়েকজনের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠায় উদ্বেগ প্রকাশ করেছেন বক্তাবলীর মধ্যনগরের সন্তান ও সিংগাপুর প্রবাসী সেলিম জাবেদ। তিনি বলেন, “এলাকায় সামাজিক নেতৃত্বের অভাব ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এত অযোগ্য মানুষ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সাহস পাচ্ছেন। মানুষের রুচির দুর্ভিক্ষ হলে অযোগ্য ব্যক্তিরাও ভোট পাবে। সামাজিক বন্ধন ও নেতৃত্ব দুর্বল হয়ে যাওয়ার ফলেই আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের নিজেদের লজ্জা না থাকলেও এসব দেখে আমাদের লজ্জা হয়।”স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের রাজনৈতিক, সামাজিক কিংবা সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে অতীতে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, জালিয়াতি কিংবা আর্থিক অনিয়মের অভিযোগ নিয়েও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা রয়েছে।স্থানীয় সচেতন মহলের মতে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের প্রত্যাশা, ব্যক্তিগত প্রভাব বা বিতর্কিত পরিচয়ের পরিবর্তে সততা, যোগ্যতা ও জনসম্পৃক্ততাকে বিবেচনায় নিয়েই ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ