প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
স্থানীয় নির্বাচনে মা'দক, চাঁ'দাবাজ ও সুবিধাবাদীদের বাদ দেবে বিএনপি : সাখাওয়াত
||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়নে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সুবিধাবাদী, মাদক ব্যবসায়ী কিংবা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে না। জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।শনিবার সকালে নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের কুতুবপুর এলাকায় আয়োজিত একটি চ্যারিটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগ, সততা ও জনগ্রহণযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থীকে অন্তত গত ১৫ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি দলীয় আন্দোলন-সংগ্রামে মাঠ ও রাজপথে সরাসরি ভূমিকা রাখার অভিজ্ঞতা থাকতে হবে।তিনি আরও বলেন, দলের জন্য জেল-জুলুম, নির্যাতন ও রাজনৈতিক মামলার মতো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা প্রার্থীর যোগ্যতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীদের পাশে থাকা এবং স্থানীয় জনগণের কাছে পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ভাবমূর্তি বজায় রাখাও আবশ্যক।মাদক ব্যবসা, চাঁদাবাজি কিংবা অন্য কোনো বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে—এমন কাউকে কোনো অবস্থাতেই দলীয় মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।রাজনৈতিক পটপরিবর্তনের পর হঠাৎ করে বিএনপির নেতা হিসেবে পরিচিতি পাওয়া ব্যক্তিদের সমালোচনা করে সাখাওয়াত হোসেন বলেন, “বসন্তের কোকিলদের” দলে মূল্যায়ন করা হবে না। শুধু দলীয় মনোনয়ন থেকে নয়, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে ভোট না দেওয়ার আহ্বানও সাধারণ মানুষের কাছে জানানো হবে।অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় সাখাওয়াত হোসেন খান মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধিদের নৈতিকতা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরেন।চ্যারিটি মেডিকেল ক্যাম্পে এলাকার কয়েকশ সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ