প্রিন্ট এর তারিখ : ২৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আজমেরী সমর্থকদের মিছিলের ভিডিও ভাইরাল
||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় মুখে মাস্ক পরে একটি মিছিল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) প্রায় ২ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় মিছিল করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের নেতাকর্মী এবং তারা যুবলীগ নেতা আজমেরী ওসমানের সমর্থক।তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য দিতে পারেননি।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাটি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, তিনি সকাল থেকে কাঁচপুর এলাকায় দায়িত্ব পালন করলেও সেখানে কোনো মিছিলের তথ্য পাননি।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহদী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তাদের নজরে এসেছে। তবে সেটি সাম্প্রতিক নাকি পুরোনো কোনো ঘটনার ভিডিও—তা যাচাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ