প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ এসপি মিজানুর রহমান মুন্সীর
||
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জনগণের আস্থা অর্জনের পাশাপাশি নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন।বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং দুপুর ১২টায় জুন মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যাগুলো সমাধানের নির্দেশনা দেন।সভায় তিনি বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত না করে জনগণকে মানসম্মত সেবা দেওয়া সম্ভব নয়। যেকোনো সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। আমরা তা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।”পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার মেধাবী ও দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এর মাধ্যমে কর্মক্ষেত্রে স্বচ্ছতা, দায়িত্ববোধ ও অনুপ্রেরণা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কঠোর নির্দেশ প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। পেশাদারিত্ব, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি মামলার তদন্তে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।”তিনি আরও বলেন, “সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। আমরা একটি নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে বদ্ধপরিকর।”সভায় র্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ