প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
দেওভোগ মাদ্রাসায় দলীয় প্রভাব নয়, মুশাওয়ারার ভিত্তিতে সিদ্ধান্তের আহ্বান মাওলানা আব্দুল আউয়ালের
||
দেওভোগ মাদ্রাসার চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদ্রাসা পরিচালনায় দলীয় প্রভাব পরিহার এবং আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে অবস্থিত রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল।শুক্রবার (১০ জুলাই) জুমার খুতবায় তিনি বলেন, “আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামায়াত বুঝি না, শিবির বুঝি না, খেলাফত বুঝি না— কোনো রাজনৈতিক প্রভাব মাদ্রাসায় থাকা উচিত নয়। দেওভোগ মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত মুশাওয়ারার ভিত্তিতে হওয়া প্রয়োজন।”তিনি বলেন, দেওভোগ মাদ্রাসা নারায়ণগঞ্জের ঐতিহ্যের অংশ। তাই এ প্রতিষ্ঠানের বিষয়ে মতামত দেওয়ার অধিকার নারায়ণগঞ্জবাসীর রয়েছে। সংশ্লিষ্ট পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একতরফা সিদ্ধান্ত না নিয়ে শহরের অভিজ্ঞ, জ্ঞানী ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।মাওলানা আব্দুল আউয়াল আরও বলেন, দলীয় প্রভাবের কারণে অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তাই কোনো অবস্থাতেই রাজনৈতিক বিবেচনায় মাদ্রাসা পরিচালনা করা উচিত নয়। তিনি উল্লেখ করেন, কাশীপুর ও দেওভোগ মাদ্রাসা— নারায়ণগঞ্জের দুটি গুরুত্বপূর্ণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, যা উদ্বেগজনক।খুতবায় তিনি দেওভোগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা রেজাউল করিমের অবদানের কথাও স্মরণ করেন। তাঁর ভাষ্য, নানা প্রতিকূলতা অতিক্রম করে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুললেও শান্তিপূর্ণভাবে বিদায় নিতে পারেননি।মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি প্রসঙ্গে তিনি বলেন, কমিটির সদস্যদের দায়িত্ব, জ্ঞান ও প্রতিষ্ঠানের প্রয়োজন সম্পর্কে সচেতন হওয়া জরুরি। আলেমদের সঙ্গে সমন্বয় করে এবং অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ