প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে বাড়ির সীমানা প্রাচীর ধসে আহত ২ শিশু
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা ২ নম্বর রোডের বিমান ভবন সংলগ্ন আক্তার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।আহত দুই শিশু হলো পাইনাদী নতুন মহল্লা ২ নম্বর রোড এলাকার বাসিন্দা মো. রাসেলের ছেলে রুহুল আমিন (৮) এবং আব্দুর রহিমের মেয়ে সামিয়া (৫)।পুলিশ সূত্রে জানা যায়, আক্তার হোসেনের বাড়ির সামনের ইটের তৈরি সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে পড়ে। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় দুই শিশু প্রাচীরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে সামিয়া প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ