প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ, এমপির রাজনৈতিক সচিবের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সিএনজি-অটোরিকশাচালক ও স্থানীয় বাসিন্দারা। পরে এমপির রাজনৈতিক সচিবের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।বিক্ষোভকারীরা জানান, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তারা দাবি করেন।এ সময় এলাকাবাসী ও সিএনজি-অটোরিকশাচালকেরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালামের হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবিকে যৌক্তিক উল্লেখ করেন এবং যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।আবুল কাউসার আশা বলেন, “অটোরিকশাচালকদের দাবি যৌক্তিক। তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি। বিষয়টি মাননীয় এমপি মহোদয়কে জানিয়েছি। নির্ধারিত সময়ের আগেই কীভাবে কাজ শুরু করা যায়, সে বিষয়ে তিনি উদ্যোগ নেবেন।”আশ্বাসের পর দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সড়কটির প্রায় সাড়ে ৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ওয়ার্ক পারমিট ইতোমধ্যে পাওয়া গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহে সংস্কারকাজ শুরু করা সম্ভব হবে।তিনি আরও জানান, বিভিন্ন প্রশাসনিক অনুমোদন-সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু করা যায়নি। তবে এখন প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে এবং দ্রুত কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ