প্রিন্ট এর তারিখ : ১৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
ফ্যাসিবাদের দোসরদের কোনো ছাড় নয় : জুলাই শহীদ দিবসে এমপি আল আমিন
||
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলেই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছে। তাই তাঁদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব পদক্ষেপের মাধ্যমে নিশ্চিত করতে হবে।তিনি শহীদ পরিবার ও আহতদের সহায়তায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে নির্দিষ্ট কন্টাক্ট পারসন নিয়োগ, জুলাই স্মৃতিস্তম্ভের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, জুলাই-সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং শহীদ পরিবার ও আহতদের জন্য আস্থার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে।জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ