প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
পূজার সময় থালিতে লাথি, নয়ামাটির মন্দিরে চাঞ্চল্য
||
নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকার শ্রী শ্রী দরিদ্র ভান্ডার কালী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত কাঠাম পূজার সময় ভাঙচুরের অভিযোগে ইয়ামিন নাবিল নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন উপস্থিত লোকজন।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আটক ইয়ামিন নাবিল বন্দরের শাহী মসজিদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম নূর মোহাম্মদ।মন্দিরের পুরোহিত কমল চক্রবর্তী জানান, কাঠাম পূজা চলাকালে ওই যুবক মন্দিরে প্রবেশ করে ‘আল্লাহ পূজা নিষেধ করেছেন’ বলে পূজার সামগ্রীতে লাথি মারেন। এ সময় তিনি উপস্থিত কয়েকজনের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন পুরোহিত। পরে মন্দিরে থাকা লোকজন তাকে আটক করে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রীতির পরিবেশ বজায় রয়েছে। এর আগে এমন ঘটনা দেখিনি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’এদিকে, আটক ইয়ামিন নাবিলের বড় ভাই অমিত হাসান দাবি করেছেন, তার ভাই দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আল মেহেদী বলেন, একজন যুবক মন্দিরে প্রবেশ করে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। তাকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করতে পারলে আইন অনুযায়ী বিষয়টি বিবেচনা করা হবে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ