প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন নারায়ণগঞ্জের মুনা
||
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ ফারহানা মানিক মুনা। তিনি এর আগে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।শুক্রবার (২৪ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত সংগঠনটির ১৪তম কেন্দ্রীয় সম্মেলনের শেষ পর্বে নতুন কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়। একই সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ, যিনি পূর্ববর্তী কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।ফারহানা মানিক মুনা সরকারি তোলারাম কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ আইন কলেজেও অধ্যয়ন করেছেন।দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মুনা। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি শুরু থেকেই নেতৃত্ব দেন এবং সে সময় নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করেন। আন্দোলন চলাকালে শামীম ওসমানের বাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলাতেও তাকে আসামি করা হয়েছিল।এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং ধর্ষণবিরোধী আন্দোলনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে নারায়ণগঞ্জে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়া শহীদ মিনারে ধারাবাহিক অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচিতি লাভ করেন।জেলা পর্যায়ে সফলভাবে নেতৃত্ব দেওয়ার পর এবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় ছাত্র ফেডারেশনের জাতীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ফারহানা মানিক মুনা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ