প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
বন্দরে আনসার সদস্যদের কাছ থেকে ছিনতাই হওয়া শটগান উদ্ধার করল ডিবি পুলিশ
||
নারায়ণগঞ্জের বন্দরে ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতি হওয়া দুইটি শটগানের মধ্যে সর্বশেষ আরও একটি শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।পুলিশ জানায়, গত ২ জুলাই ভোরে বন্দর থানার হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রের নদীর ঘাট সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনরত দুই আনসার সদস্যের ওপর হামলা চালায় একদল ডাকাত। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে দুইটি শটগান নিয়ে যায় ডাকাতরা।এ ঘটনায় বন্দর থানায় ডাকাতি মামলা দায়ের হলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়।পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই শরীফুল হাসান ও এসআই এস এম আব্দুল আজিজসহ একটি দল নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে রূপগঞ্জ থানার চনপাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকার জনৈক জলিলের জমির পাশের ধইঞ্চা ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত আরও একটি শটগান উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, এর আগে গত ১৩ জুলাই এ মামলায় একটি শটগান উদ্ধারসহ একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। সর্বশেষ অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে লুণ্ঠিত দুইটি শটগানই উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ