প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার রংপুরে বদলি
||
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। চট্টগ্রাম থেকে সোনারগাঁ থানায় যোগদানের প্রায় আড়াই মাসের মাথায় পুলিশ সদরদপ্তর এ বদলির আদেশ জারি করেছে।রোববার (২৬ জুলাই) অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। এর আগে গোলাম সারোয়ার চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। গত মে মাসে তিনি সোনারগাঁ থানায় যোগ দেন।স্থানীয় সূত্রের দাবি, সোনারগাঁ থানায় দায়িত্ব নেওয়ার পর কয়েকজন স্থানীয় রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সম্প্রতি যুবলীগের এক নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর ঘটনাও সমালোচনার জন্ম দেয়। ওই শিক্ষার্থীর পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় বিএনপি নেতাদের চাঁদা না দেওয়ায় পুলিশের সঙ্গে যোগসাজশ করে এ গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় প্রবাসফেরত এক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও ওঠে ওসি গোলাম সারোয়ারের বিরুদ্ধে।তবে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, পুলিশ সদরদপ্তরের প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী এ বদলির আদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বদলির নির্দিষ্ট কারণ জেলা পুলিশকে জানানো হয়নি। তবে আইজিপির নির্দেশনায় পুলিশের একটি গোয়েন্দা দল বিভিন্ন থানায় কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। সেই পর্যবেক্ষণে কোনো অসঙ্গতি ধরা পড়েছে কি না, সে বিষয়ে পুলিশ সদরদপ্তরই বিস্তারিত জানাতে পারবে।তিনি আরও জানান, গোলাম সারোয়ার আগামী ১ আগস্ট পর্যন্ত সোনারগাঁ থানায় দায়িত্ব পালন করবেন। এর মধ্যে তাকে রংপুর রেঞ্জ পুলিশে যোগ দিতে হবে। একই সময়ে সোনারগাঁ থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ