প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
সহিংসতার রাজনীতি বন্ধের ডাক দিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
||
ন্যায়বিচার, আইনের শাসন এবং দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা ছিল বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) অডিটোরিয়ামে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স আয়োজিত ‘ফিরে দেখা জুলাই’ শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আজমল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট এনামুল বারী সরকার।বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশে সহিংসতা, প্রতিহিংসা কিংবা শক্তির রাজনীতির কোনো সুযোগ নেই। মানুষের প্রত্যাশা পূরণে একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।হবিগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নিতে যাওয়া এক তরুণের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে কারও ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, কোনো মামলায় যদি উদ্দেশ্যপ্রণোদিত বা মিথ্যা তথ্য থাকে, তাহলে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে আনতে হবে। তবে মামলার অপব্যবহারের বিষয়কে অজুহাত হিসেবে ব্যবহার করে প্রকৃত অপরাধীদের বিচারের বাইরে রাখার সুযোগ দেওয়া যাবে না। নিরপরাধ মানুষের হয়রানি বন্ধের পাশাপাশি অপরাধীদেরও আইনের মুখোমুখি করতে হবে।তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে কোনো আপস করা যাবে না। কথার সঙ্গে কাজের সামঞ্জস্য রেখে জনগণের আস্থা অর্জন করতে হবে।অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। স্বাধীন বিচার বিভাগ, আইনের শাসন এবং দলীয়করণমুক্ত রাষ্ট্রব্যবস্থাই সেই লক্ষ্য অর্জনের প্রধান ভিত্তি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ