প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
হকার পুনর্বাসনে রেলওয়ের বাধা, নাসিক প্রশাসকের সঙ্গে কর্মকর্তার বাকবিতণ্ডা
||
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের হকারদের পুনর্বাসনের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের পাশে নাসিকের নেওয়া উদ্যোগে বাধা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় রেলওয়ের কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের চাষাঢ়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় রেললাইনের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি রেলের জমিতে হকার পুনর্বাসনের জন্য নাসিকের করা প্রস্তুতিমূলক কাজও বন্ধ করে দেওয়া হয়।রেলওয়ের ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের পরিচালক মোহাম্মদ সেলিম রউফের নেতৃত্বে পরিচালিত অভিযানে এক্সকাভেটর দিয়ে বিভিন্ন স্থাপনা সরিয়ে ফেলা হয়। একই সময় হকারদের জন্য বিছানো ইটও তুলে ফেলা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি রেলওয়ের এ পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধান করা উচিত ছিল।তিনি জানান, হকার পুনর্বাসনের জন্য রেলওয়ের খালি জায়গায় স্থায়ী কোনো স্থাপনা নির্মাণ করা হচ্ছিল না, শুধু মাটি ভরাট করে ইট বিছানোর কাজ চলছিল। জায়গার প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে তা হস্তান্তর করা যেত বলেও মন্তব্য করেন তিনি।অন্যদিকে রেলওয়ের প্রকল্প পরিচালক মোহাম্মদ সেলিম রউফ বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টেশন পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্পের কাজের জন্য নির্ধারিত জায়গা খালি করা হচ্ছে। রেলওয়ের অ্যালাইনমেন্টের ওপর স্থাপনা ও অন্যান্য কাজ থাকায় আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।এর আগে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ ডাবল রেললাইন প্রকল্পের জমিতে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সাত দিনের সময় বেঁধে দিয়েছিল।উল্লেখ্য, বঙ্গবন্ধু সড়ক ও আশপাশের ফুটপাত থেকে হকার উচ্ছেদের পর তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। এর অংশ হিসেবে রেললাইনের পাশের খালি জায়গায় হকারদের জন্য স্থান প্রস্তুতের কাজ শুরু করেছিল নাসিক। তবে রেলওয়ের আপত্তির কারণে এ উদ্যোগ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ