প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
পূর্বাচলে ডিবি পরিচয়ে রিসোর্টে ডাকাতি, গ্রেপ্তার ৬
||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ডিবি পুলিশের পরিচয়ে একটি রিসোর্টে ডাকাতির ঘটনায় ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, রোববার রাতে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের ‘অরণ্য আবাস’ নামের একটি রিসোর্টে দুটি মাইক্রোবাসে করে ১৫ থেকে ১৬ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল আসে। নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তারা রিসোর্টে প্রবেশ করে এবং সেখানে অবস্থানরত ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে।ডাকাতরা রিসোর্ট থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা, ১২টি মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পূর্বাচল পুলিশ ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে ঘটনাস্থলের কাছ থেকে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের মস্তুল পুলিশ চেকপোস্ট এবং রাজধানীর মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, অভিযানে লুট হওয়া ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ