প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
জুলাই সনদ ইস্যুতে নারায়ণগঞ্জে ৭ জামায়াতপন্থী এপিপি-জিপির পদত্যাগ
||
নারায়ণগঞ্জে জামায়াতপন্থী সাতজন আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি), সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী গভর্নমেন্ট প্লিডার (জিপি) পদ থেকে পদত্যাগ করেছেন। বিএনপি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত বিষয়ে মতপার্থক্যের কথা উল্লেখ করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তারা জেলা ও দায়রা জজ এবং পাবলিক প্রসিকিউটরের কাছে পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে এর অনুলিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও দেওয়া হয়।পদত্যাগকারীরা হলেন— অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন ও অ্যাডভোকেট গোলাম সারোয়ার; সহকারী গভর্নমেন্ট প্লিডার অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া ও অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান; এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তার হোসেন ও অ্যাডভোকেট মাসুদুর রহমান।পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, বিএনপি সরকারের কয়েকটি সিদ্ধান্ত ও অবস্থানের সঙ্গে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে। বিশেষ করে জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকারের অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত নানা বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব আগের অবস্থায় ফিরে এসেছে বলে তারা মনে করেন। এতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে বলেও তাদের দাবি।এসব বিষয় বিবেচনায় সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার স্বার্থে ‘বিবেকের তাড়নায়’ তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়।পদত্যাগকারী সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্তার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা এবং বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার অভিযোগসহ কয়েকটি কারণেই তারা এ পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।তিনি আরও জানান, পদত্যাগকারী সাতজনই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক এবং জামায়াত-সমর্থিত সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ