প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
পাঁচ এমপি একসঙ্গে ডিও দিলে দাবি উপেক্ষার সুযোগ নেই: আবুল কালাম
||
নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও জেলার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে পাঁচ সংসদ সদস্যকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি মনে করেন, জেলার স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে আলাদাভাবে উদ্যোগ নেওয়ার পরিবর্তে পাঁচ এমপি একযোগে কাজ করলে সরকারের কাছে দাবিগুলো আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হবে।শনিবার (৮ আগস্ট) দুপুরে নগরের চাঁদমারী এলাকার চেম্বার ভবনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।আবুল কালাম বলেন, কোনো একটি বিষয়ে জেলার পাঁচ সংসদ সদস্য যদি সম্মিলিতভাবে ডিও লেটার দেন, তাহলে সেই দাবিকে সহজে উপেক্ষা করার সুযোগ থাকে না। কিন্তু একই বিষয়ে সংসদ সদস্যরা পৃথকভাবে ভিন্ন ভিন্ন বক্তব্য বা দাবি তুলে ধরলে সরকারের কাছে নারায়ণগঞ্জের পক্ষ থেকে পরস্পরবিরোধী বার্তা যেতে পারে।তিনি বলেন, সংসদ সদস্যদের মধ্যে রাজনৈতিক বা ব্যক্তিগত মতপার্থক্য থাকতেই পারে। তবে জেলার উন্নয়নের প্রশ্নে এসব ভিন্নতা পাশে রেখে সবাইকে একই অবস্থানে থেকে কাজ করতে হবে।নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গ তুলে ধরে আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের অনেক সমস্যা কোনো না কোনোভাবে পুরো জেলার ওপর প্রভাব ফেলে। তাই শুধু একটি নির্বাচনী এলাকার বিষয় হিসেবে না দেখে জেলার সামগ্রিক স্বার্থ বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সব সংসদ সদস্যকে একসঙ্গে ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, শুধু সংসদে বক্তব্য দেওয়া কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানোর মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ রাখলে হবে না। এসব উদ্যোগের পাশাপাশি জনগণের জন্য বাস্তবে কী ধরনের কাজ হচ্ছে, সেটিও নিশ্চিত করতে হবে।উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের ঘাটতির সমালোচনা করে আবুল কালাম বলেন, একই বিষয়ে একেকজন একেক ধরনের দাবি তুললে সেটি নারায়ণগঞ্জের জন্য সুফল বয়ে আনবে না। বরং নিজেদের মধ্যে সমন্বয় না রেখে পৃথকভাবে এগিয়ে যাওয়া অনেকটা নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো।সংসদ সদস্যদের দায়িত্ব ও প্রশাসনের ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, এমপিদের মূল দায়িত্ব আইন প্রণয়ন ও নীতিগত বিষয়ে ভূমিকা রাখা। আর প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন করে নির্বাহী বিভাগ। ফলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংসদ সদস্য ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাসুদুজ্জামান মাসুদসহ চেম্বারের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ