প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ এমপি ঐক্যবদ্ধ: দিপু ভূঁইয়া
||
দলীয় মতপার্থক্যকে গুরুত্ব না দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় জেলার পাঁচ সংসদ সদস্য একযোগে কাজ করছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।তিনি বলেন, নারায়ণগঞ্জের উন্নয়ন ও ব্যবসায়িক স্বার্থে সংসদ সদস্যদের মধ্যে যে ঐক্য রয়েছে, শনিবারের মতবিনিময় সভার মাধ্যমে তার একটি সুস্পষ্ট বার্তা পুরো জেলার মানুষের কাছে পৌঁছেছে।শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় শহরের চেম্বার ভবনে নারায়ণগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দিপু ভূঁইয়া বলেন, জাতীয় অর্থনীতিতে নারায়ণগঞ্জের অবদান উল্লেখযোগ্য। জেলার শিল্প ও ব্যবসা খাত দেশের জিডিপিতে প্রায় ৭ দশমিক ৫ থেকে ৮ শতাংশ অবদান রাখছে। শুধু রূপগঞ্জেই প্রায় ৭৪১টি শিল্পকারখানা রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের অনেক মালিক এখনো নারায়ণগঞ্জ চেম্বারের সদস্য হননি।তিনি বলেন, শিল্পকারখানার মালিকদের বিভিন্ন সমস্যা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হলে তাদের চেম্বারের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। ব্যবসায়িক খাতকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে জেলার সব শিল্পপ্রতিষ্ঠানকে চেম্বারের আওতায় আনার উদ্যোগ নেওয়া জরুরি।ব্যবসায়ীদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবির কথা তুলে ধরে দিপু ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। প্রতিটি শিল্প এলাকায় ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্ধারিত ও ন্যায্য দাবির বাইরে গিয়ে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ কিংবা অযৌক্তিক দাবি তোলার অভিযোগ রয়েছে। চেম্বারের মাধ্যমে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, ব্যবসায়ীদের ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত হয়রানি নিরসনে সংসদ সদস্যরা চেম্বারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেও কাজ করা হবে।মতবিনিময় সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিকেএমইএর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনুসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ