প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
নাতির জন্মদিনে দোয়া চাইলেন এমপি মান্নান
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পরিবারে বইছে আনন্দের সুবাতাস। সাংসদের বড় ছেলে, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং এমপির রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব ও সাদিয়া হোসেন জুঁই দম্পতির একমাত্র, আদরের ছেলে ইহান ইসলাম আরহামের চতুর্থ জন্মবার্ষিকী অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেক কেটে উদযাপিত হয়েছে। এ সময় পরিবারের পক্ষ থেকে তার দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।গত মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সোনারগাঁয়ের প্রতাপেরচর এলাকায় সাংসদের নিজ বাসভবনে পরিবারের সদস্য, নিকটআত্মীয় এবং স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা হয়। পুরো বাড়ি জুড়ে তৈরি হয় এক অন্যরকম আনন্দ উৎসবের আমেজ, যেখানে আপনজনদের হাসিমুখ আর শুভকামনায় এক হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।জন্মদিনের এই বিশেষ মুহূর্তে নাতির শুভকামনায় আবেগাপ্লুত হয়ে সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন,আজ আমার নাতি আরহামের চতুর্থ জন্মদিনে পরম করুণাময়ের দরবারে শুকরিয়া আদায় করছি। সে আমাদের পরিবারের চোখের মণি, আনন্দের উৎস। আমি দেশবাসীর কাছে ও আমার সকল নেতাকর্মীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার এই কলিজার টুকরোকে নেক হায়াত দান করেন, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলেন এবং তার জীবনকে দেশ ও দশের কল্যাণে উৎসর্গ করার তৌফিক দেন।সন্তানের জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাবা খাইরুল ইসলাম সজিব বলেন, আজ আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমাদের কোল আলো করে জন্ম নেওয়া ইহান ইসলাম আরহাম আজ চার বছরে পা দিল। একজন বাবা হিসেবে সন্তানের এই দিনটি দেখতে পাওয়ার অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমরা আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করি, যেন সে সততা ও আদর্শের সাথে বড় হয়ে দেশের একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।পরিবারের ছোট্ট সদস্যের এই জন্মদিনের আয়োজনকে কেন্দ্র করে প্রতাপেরচর বাড়িটি যেন এক মিলনমেলায় পরিণত হয়। জন্মদিনের কেক কাটা, শিশুদের আনন্দ-উল্লাস এবং সকলের মুখে মিষ্টি হাসির দ্যুতিতে এক চমৎকার পারিবারিক আবহ তৈরি হয়েছিল। আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের উপস্থিতিতে এই আনন্দঘন মুহূর্তটি সবার হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। কেক কাটার পর ছোট্ট আরহামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ