প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
ভাড়া চাওয়ায় মালিকের ছবি দিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত নারী সাংবাদিককে ঘিরে ক্ষোভ
||
বাড়িভাড়া পরিশোধ নিয়ে বিরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দরে এক নারী ভাড়াটিয়াকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। বাড়ির মালিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠার পর রোববার (১৬ আগস্ট) বিকেলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ।বন্দর থানার কদমরসূল কলেজ মাঠপাড়া এলাকার একটি আটতলা ভবনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তানজিনা আক্তার লিপি ওই ভবনে প্রায় চার বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন বলে জানা গেছে।ভবনের কেয়ারটেকার নাবিদুর রহমান নোবেলের ভাষ্য, তানজিনা আক্তারের কাছে চার মাসের বাড়িভাড়া বাবদ ৪০ হাজার টাকা পাওনা রয়েছে। বকেয়া ভাড়া পরিশোধের কথা বলার পর থেকেই তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং জেলে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে এর আগেও বন্দর থানায় লিখিত অভিযোগ করেছিলেন বলেও জানান নোবেল।নোবেলের অভিযোগ, শনিবার রাতে বকেয়া ভাড়া চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভবনের মালিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুরুচিপূর্ণ পোস্ট প্রকাশ করেন তানজিনা আক্তার লিপি।পরদিন রোববার বিকেলে পোস্টটি স্থানীয়দের নজরে আসার পর এলাকায় বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন নারী তাকে বাসা থেকে বের করে দেন। পরে ওই ভবনের সামনে কয়েকশ নারী-পুরুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, তানজিনা আক্তার নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সময় স্থানীয়দের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন। ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে দাবি করেন তারা। তার কর্মকাণ্ডে স্থানীয়রা দীর্ঘদিন ধরে বিরক্ত বলেও অভিযোগ করেন কয়েকজন বাসিন্দা।তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত তানজিনা আক্তার লিপির কোনো বক্তব্য পাওয়া যায়নি।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের কাছ থেকে ওই নারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে মানুষের সম্মানহানি, ভয়ভীতি প্রদর্শন এবং টাকা আদায় করেন—এমন অভিযোগ স্থানীয়রা করেছেন। স্থানীয় জনতা ও কয়েকজন দোকানদারের কাছ থেকেও তার টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের পর অভিযুক্ত নারীকে সতর্ক করা হয়েছে। ঘটনাটি নিয়ে উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ