প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
বায়ুদূষণের অভিযোগে নারায়ণগঞ্জে তিন রোলিং মিলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
||
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পরিবেশ দূষণের দায়ে তিনটি রোলিং মিলকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) দুপুরে কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফতুল্লা রাজস্ব সার্কেলের অংমাচিং মারমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযানে আক্তার ইস্পাত রোলিং মিলস, আল বারাকা স্টীল রি-রোলিং মিলসসহ মোট তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ধারা ৮-এর (ঋ) লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বায়ুদূষণ নিয়ে অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট এলাকায় সরেজমিনে গিয়ে পরিবেশ দূষণের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত।অভিযান পরিচালনার সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে র্যাব এবং ফতুল্লা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে এমন কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ