প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
ধর্ষণ-হত্যা-সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন
||
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধনদেশব্যাপী নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একই সঙ্গে এসব অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ জেলার মেট্রো হল সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ।মানববন্ধনে বক্তব্য দেন জেলা শাখার সহ-সভাপতি প্রীতিকণা দাস, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম এবং সাধারণ সম্পাদক রহিমা খাতুন।বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে দুই-তিন বছরের শিশু থেকে শুরু করে ষাটোর্ধ্ব নারী পর্যন্ত নানা ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। বিশেষ করে পাঁচ থেকে নয় বছর বয়সী কন্যাশিশুদের ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ধর্ষণের মতো অপরাধের জন্য কোনোভাবেই ভুক্তভোগীকে দায়ী করা যায় না; এর জন্য দায়ী অপরাধী এবং অপরাধকে প্রশ্রয় দেওয়া সামাজিক মানসিকতা।তারা আরও বলেন, ধর্ষণ ও হত্যার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধ এবং ছেলে শিশুর ওপর যৌন নিপীড়নের ঘটনাও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। একই সঙ্গে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর তৎপরতার অভাবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও তারা অভিযোগ করেন।তাদের মতে, বিচারহীনতার সংস্কৃতি ও সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধ প্রবণতা বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে অপরাধীদের কোনো ধরনের ছাড় না দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।মানববন্ধন থেকে নারী, কন্যাশিশু ও ছেলে শিশুসহ সমাজের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত, সহিংসতা বন্ধ এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ