প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
মাদক-ছিনতাই-কিশোর গ্যাংমুক্ত কাশিপুর গড়ার ঘোষণা জামায়াতের
||
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অপরাধপ্রবণতা রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সামাজিকভাবে সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সংগঠনটির নেতারা।শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ফতুল্লার কাশিপুর বড় মসজিদসংলগ্ন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক জনসভায় এসব কথা বলা হয়। সভায় কাশিপুরকে নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, পুরো নারায়ণগঞ্জের পরিস্থিতি একসঙ্গে পরিবর্তন করা কঠিন হলেও একটি এলাকা থেকে পরিবর্তনের সূচনা করা সম্ভব। সেই লক্ষ্যেই কাশিপুরকে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংমুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।তিনি বলেন, অপরাধীদের কোনোভাবেই এলাকায় প্রভাব বিস্তার করতে দেওয়া উচিত নয়। সমাজের কোথাও অপরাধ সংঘটিত হলে তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। অপরাধ প্রতিরোধে জনগণের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।মাদকবিরোধী অবস্থান তুলে ধরে আবদুল জব্বার বলেন, পরিবারের অজান্তে অনেক তরুণ ও কিশোর মাদকের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁর অভিযোগ, কিশোর গ্যাংয়ের মাধ্যমে অর্থের বিনিময়ে অনেক কিশোরকে অপরাধের পথে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের সেই পথ থেকে ফিরিয়ে এনে সুস্থ ও নৈতিক জীবনযাপনে উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া না গেলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোরভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন হতে পারে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এলাকাভিত্তিক জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি।দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জামায়াতের এই নেতা। তাঁর মতে, চলমান সংকটের পেছনে নানা কারণ রয়েছে এবং এর সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।জনসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানা জামায়াতের আমীর এবং কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আক্তার হোসেন। তিনি কাশিপুরের বর্তমান অপরাধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রভাবশালী অপরাধীদের কারণে এলাকায় মাদকের বিস্তার ঘটছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ ও নিরাপদ কাশিপুর গড়ে তোলাই তাদের লক্ষ্য।তিনি প্রশাসনের প্রতি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আরও কার্যকর নজর দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদককে প্রত্যাখ্যান করে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার কথা বলেন।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাকির হোসাইন এবং মহানগরী জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা এম এ সাইফুদ্দিন মনির।এ ছাড়া বক্তব্য দেন মহানগরী জামায়াতের মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানা আমীর মো. খলিলুর রহমান টিটু, নাসিক ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. তমিজ উদ্দিন সরকার, কাশিপুর মিসবাহুল মিল্লাত মাদরাসা ও এতিমখানার সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল আজিজ, নারায়ণগঞ্জ দক্ষিণ থানা সেক্রেটারি আলী আহাম্মদ, কাশিপুর ১ নম্বর ওয়ার্ডের মো. অলিউল্লাহ এবং ৯ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ডা. তানিসেন।জনসভায় কাশিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়। তাঁদের মধ্যে ছিলেন ওলিউল্লাহ, জাকির হোসেন, মো. শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শামসুদ্দিন আলম, গোলাম রাব্বি বিশ্বাস, শহিদ হোসেন ভূঁইয়া ও মো. আল-আমীন। একই অনুষ্ঠানে নাসিক ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. তমিজ উদ্দিন সরকারের পরিচয়ও তুলে ধরা হয়।নারায়ণগঞ্জ সদর পশ্চিম জামায়াতে ইসলামী সাংগঠনিক থানা সেক্রেটারি মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় কাশিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।সভা থেকে বক্তারা কাশিপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ