প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
বুলবুল হত্যার নিন্দা জানিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি তারিকুলের
||
বুলবুল হত্যায় নিন্দা, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি তারিকুলেরনারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম। একই সঙ্গে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারিকুল ইসলাম।বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বন্দরের ২১ নম্বর ওয়ার্ডের সালেহনগর এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে। তার অভিযোগ, সন্ত্রাসী শেখ সিফাতের নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালিয়ে বুলবুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংঘটিত হওয়াকে তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতির নিদর্শন হিসেবে উল্লেখ করেন।তারিকুল ইসলামের দাবি, বন্দর এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের আটক করলেও পরবর্তীতে তাদের অনেকেই জামিনসহ বিভিন্ন প্রক্রিয়ায় মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও দাবি করেন, অপরাধীদের গ্রেপ্তার ও পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে স্থানীয়ভাবে নানা অভিযোগ রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বাড়াচ্ছে।বিবৃতিতে তারিকুল ইসলাম জানান, বুলবুল হত্যার ঘটনায় এরই মধ্যে শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার অভিযোগ, শেখ সিফাতের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে মামলা থাকার পরও কার্যকর ব্যবস্থা নিতে দীর্ঘসূত্রতা দেখা গেছে।তারিকুল ইসলাম অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বুলবুল হত্যার মতো ঘটনা এড়ানো সম্ভব হতে পারত। প্রশাসনের কথিত উদাসীনতার কারণেই এ হত্যাকাণ্ডের পরিস্থিতি তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের পাশাপাশি এর পেছনে থাকা পরিকল্পনাকারী ও মদদদাতাদেরও শনাক্ত করতে হবে। কাউকে ছাড় না দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।তারিকুল ইসলাম আরও বলেন, বুলবুল হত্যার বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি, কালক্ষেপণ বা টালবাহানা গ্রহণযোগ্য হবে না। জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।একই সঙ্গে বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কার্যকর ও ধারাবাহিক অভিযান পরিচালনার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের এই নেতা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ