প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
আড়াইহাজারে জমিয়ত নেতার বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ
||
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জমিয়তে উলামায়ে ইসলামের এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের সহসভাপতি আশরাফুল ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার লাশারদী দিঘীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম আড়াইহাজার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা কাসেমী। ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।মোস্তফা কাসেমীর দাবি, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে ঘটনার কিছুক্ষণ আগেও তিনি থানায় অবস্থান করছিলেন। পরে বাড়িতে ফিরে আসার পর আশরাফুল ইসলামের নেতৃত্বে লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি।তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম। তার দাবি, যে জমি নিয়ে বিরোধ চলছে, সেটির বৈধ মালিকানা তাদের রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রও তাদের কাছে আছে। বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি বলে জানান তিনি।ঘটনাটিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি বলেন, হামলার ঘটনায় নারায়ণগঞ্জের আলেম-ওলামাদের নিয়ে এর বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নেওয়া হবে।এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, বিষয়টি জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে জড়িত। এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার সত্যতা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ