প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
যানজট কমাতে ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল চান এমপি দিপু
||
রূপগঞ্জের যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবি তুলেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।আবেদনে রূপগঞ্জ উপজেলার জনসংখ্যা, শিল্পকারখানার বিস্তার এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের সঙ্গে এর যোগাযোগের বিষয়টি তুলে ধরে মেট্রোরেল সংযোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সংসদ সদস্য।চিঠিতে বলা হয়, প্রায় ১৭৬ বর্গকিলোমিটার আয়তনের রূপগঞ্জ উপজেলায় স্থায়ী ও অস্থায়ী বাসিন্দা মিলিয়ে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে রূপগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ অঞ্চলের বিভিন্ন সড়ক ব্যবহার করে যাতায়াত করেন।এমপি দিপু তাঁর আবেদনে উল্লেখ করেন, রূপগঞ্জ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে এক হাজারের বেশি ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। নিটওয়্যার, হোসিয়ারি ও ঐতিহ্যবাহী জামদানি শিল্পের পাশাপাশি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর একাধিক কারখানা রয়েছে এ উপজেলায়।এসব শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী ছাড়াও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের প্রয়োজনে প্রতিদিন রূপগঞ্জ থেকে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ যাতায়াত করেন।তবে জনসংখ্যা ও যাতায়াতের চাপের তুলনায় পর্যাপ্ত গণপরিবহন না থাকায় এ অঞ্চলের সড়কগুলোতে প্রায়ই তীব্র যানজট তৈরি হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা ভোগান্তির শিকার হচ্ছেন। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।এই পরিস্থিতি বিবেচনায় এমপি দিপু সম্ভাব্য দুটি মেট্রোরেল রুটের প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে এমআরটি লাইন-১-এর পূর্বাচল অংশ থেকে ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত অথবা এমআরটি লাইন-৫-এর দাশেরকান্দি কিংবা ভাটারা অংশ থেকে ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত যেকোনো একটি রুট সম্প্রসারণের কথা বলা হয়েছে।সংসদ সদস্যের মতে, রূপগঞ্জের ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল পৌঁছালে শুধু স্থানীয় মানুষের যাতায়াতই সহজ হবে না, আশপাশের এলাকার সড়কেও যানবাহনের চাপ কমবে। দ্রুত, নিরাপদ ও আধুনিক গণপরিবহন সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণেও নতুন গতি আসবে।তিনি মনে করেন, মেট্রোরেল সংযোগ স্থাপিত হলে রূপগঞ্জে দেশি ও বিদেশি বিনিয়োগের পরিবেশ আরও অনুকূল হবে। পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের দিকে যাতায়াতকারী মানুষের যোগাযোগব্যবস্থাও আরও সহজ ও গতিশীল হতে পারে।এ কারণে ভুলতা-গোলাকান্দাইল পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ ও দিকনির্দেশনা কামনা করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ