প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
বিদ্যানিকেতন হাই স্কুলে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ
||
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তারা।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ভুঁইয়ারবাগে অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলের মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের ট্রাস্টি কাসেম জামাল, ট্রাস্টি অ্যাডভোকেট নবী হোসেন, ট্রাস্টি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ট্রাস্টি ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টি মোয়াজ্জেম হোসেন সোহেল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। শিল্প-সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে তাদের নিয়মিতভাবে সম্পৃক্ত করা প্রয়োজন। নতুন প্রজন্মের একটি অংশ বর্তমানে মোবাইল ফোন ও মাদকের প্রতি আসক্তির ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতিতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তাদের সুস্থ ও ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তারা আরও বলেন, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের দক্ষতা এবং সামাজিক দায়িত্ববোধ তৈরি করতে সহায়তা করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এসব কার্যক্রমের পরিসর আরও বাড়ানো প্রয়োজন।অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন শ্রেণির মেধা ও ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ