প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
বন্দরে ১৪৫ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা, এলাকায় উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের বন্দরে আদালতের জারি করা ১৪৫ ধারা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসতবাড়িতে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. রোমান (৩৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বন্দর থানাধীন স্বল্পেরচক এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দমণ্ডলী মৌজায় রোমানের পৈতৃক ও খরিদকৃত জমি নিয়ে মতিউর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের পরিপ্রেক্ষিতে আদালত থেকে ১৪৫ ধারা জারি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। আদালতের আদেশের পর রোমান নির্মাণকাজ বন্ধ রেখেছেন এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি দাবি করেছেন।লিখিত অভিযোগে রোমান দাবি করেন, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে মতিউর রহমানসহ ১০ জন এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাকে গালিগালাজের পর কাঠের ফালি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।অভিযোগে আরও বলা হয়, তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছোট বোন তাজিন (২৫)-কে চুলের মুঠি ধরে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন রোমান।ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিরোধপূর্ণ জমি নিয়ে ভবিষ্যতে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে অভিযোগকারী দাবি করেন।বন্দর থানার এএসআই জহিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে। জমি নিয়ে আদালতের ১৪৫ ধারা জারি থাকায় সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের পরিবর্তন বা নির্মাণকাজ না করার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ