প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
পোল্যান্ডে আন্তর্জাতিক পোশাক মেলায় বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম
||
ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরতে পোল্যান্ডের লজ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পোশাক ও ফ্যাশন প্রদর্শনী ‘ট্রেন্ডস এক্সপো ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। দেশটির তৈরি পোশাক শিল্পের প্রতিনিধিত্ব করছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।ইউরোপের বৃহত্তম বি-টু-বি ক্লোদিং ও টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেন্টার পিটিএকে এক্সপো হোলসেল সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এবারের আয়োজনে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ৩৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।২৫ থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত ‘ট্রেন্ডস এক্সপো ২০২৬—ইন্টারন্যাশনাল অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন এক্সপো’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পিটিএকে হোল্ডিংয়ের প্রেসিডেন্ট নিনা রিশকা-ওলব্রিখোভস্কা, পিটিএকে এক্সপো লজের ইন্টারন্যাশনাল সেলস ডিরেক্টর অ্যাডাম শিবুর, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি মো. আব্দুল হামিদ এবং বিকেএমইএর পরিচালক রাজীব চৌধুরী উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক এই প্রদর্শনীতে ইউরোপসহ বিভিন্ন দেশের পোশাক ও টেক্সটাইল খাতের ক্রেতা, আমদানিকারক, উৎপাদক, রপ্তানিকারক এবং ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।ইউরোপের গুরুত্বপূর্ণ বি-টু-বি পোশাক ও টেক্সটাইল প্ল্যাটফর্ম হিসেবে ট্রেন্ডস এক্সপো নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ দিচ্ছে। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও নতুন উদ্ভাবন তুলে ধরার পাশাপাশি ইউরোপীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ পাচ্ছে।বিকেএমইএ আশা করছে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে নতুন ক্রেতা, ব্যবসায়িক সম্পর্ক এবং বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ