প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য ভাইরাল, আড়াইহাজার যুবদল নেতাকে শোকজ
||
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি বক্তব্যকে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী ও দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদেকুর রহমান সাদেককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবদল।নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির স্বাক্ষর করা নোটিশে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।নোটিশের সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বক্তব্যে সাদেকুর রহমান সাদেক সংগঠনের বিভিন্ন প্রাপ্য অর্থ ও ‘সালামি’ পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন। জেলা যুবদলের ভাষ্য অনুযায়ী, তার এ বক্তব্য দায়িত্বশীল সাংগঠনিক পদে থাকা একজন নেতার জন্য দৃষ্টিকটু এবং শৃঙ্খলা পরিপন্থী।ভিডিও বক্তব্যে সাদেকুর রহমানকে বিভিন্ন গরুর হাট ও বাজার থেকে যুবদলের নেতা-কর্মীরা কোনো অর্থ বা ‘সালামি’ পেয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায়। তিনি দাবি করেন, গত দুটি গরুর হাট থেকে যুবদলের কোনো সদস্য ১০০ টাকাও পাননি।এ সময় তিনি বিভিন্ন স্থানে ভাগ-বাটোয়ারা বা সালামির অর্থ দেওয়া হলেও যুবদল সেই অর্থ পেয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন। পাশাপাশি দাবি আদায়ে ব্যর্থতার জন্য ‘খোরশেদ ভাই’কে দায়ী করে তিনি বলেন, তাদের দাবিগুলো তিনি আদায় করে দিতে পারেননি।এ বক্তব্যকে কেন্দ্র করেই জেলা যুবদলের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এ ধরনের বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।তিন দিনের মধ্যে বক্তব্যের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে সাদেকুর রহমানকে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।ফতেহপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাদেকুর রহমান সাদেক নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ