প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী হুকুমত প্রয়োজন: মাওলানা দ্বীন ইসলাম
||
স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পার হলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতার প্রত্যাশিত সুফল পায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। দেশে শান্তি, ন্যায়বিচার ও মানুষের প্রত্যাশিত অধিকার নিশ্চিত করতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর ৬ নম্বর ওয়ার্ড শাখার পরিচিতি ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাওলানা দ্বীন ইসলাম বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে দেশে ‘সবুজ বাংলা’ ও ‘সোনার বাংলা’ গড়ার নানা কথা বলা হয়েছে। কিন্তু এসব ব্যবস্থার মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত শান্তি ও স্বস্তি পায়নি। তার মতে, দেশে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসনব্যবস্থা প্রয়োজন।তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। শরিয়াহ বলতে শুধু একটি নির্দিষ্ট বিষয়কে বোঝায় না; বরং নামাজ, রোজা, হজ ও জাকাতের পাশাপাশি ন্যায়বিচার ও ইনসাফও এর গুরুত্বপূর্ণ অংশ।মাওলানা দ্বীন ইসলাম আরও বলেন, শরিয়াহভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত হবে। যারা শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নন, তাদের নিয়েও তিনি সমালোচনামূলক মন্তব্য করেন।৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মুহা. ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহা. ইসমাইল এবং সহ-প্রচার সম্পাদক বিলাল খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ