প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নান সরকারে বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাসিক ২২ নম্বর ওয়ার্ডের শিশুবাগ এলাকায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় একটি পৈত্রিক বাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হান্নান এবং তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের সহযোগিতারও অভিযোগ করেছেন বাড়ির মালিকের বড় মেয়ে বিউটি আক্তার।রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় শিশুবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেন বিউটি আক্তার।তার অভিযোগ, তার সৎ মা সালমা বেগমের পক্ষ নিয়ে সাবেক কাউন্সিলর হান্নান ৮-১০ জন সহযোগীকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করেন এবং জোরপূর্বক বাড়ির দখল নেন। পরে বাড়ির নিচতলার একটি কক্ষে সালমা বেগমকে রেখে যান তারা। বিউটি আক্তারের দাবি, হান্নানের সঙ্গে বাড়ৈয়পাড়ার বাসিন্দা শাহজাহান, সোনাকান্দার সাবেক কাউন্সিলর মুরাদ, সালেনগরের জামানসহ আরও কয়েকজন ছিলেন। তারা বাড়িতে গিয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বিউটি আক্তার বলেন, “আমরা ও আমার বোন বাধা দিলে তারা আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে ধস্তাধস্তিতে আমার জামা-কাপড় ছিঁড়ে যায় এবং আমার গায়ে ও হাতে প্রচণ্ড আঘাত লাগে।” তিনি আরও অভিযোগ করেন, ঘটনার একপর্যায়ে কোনো মামলা বা ওয়ারেন্ট না দেখিয়ে পুলিশ এসে তার বোনকে থানায় নিয়ে যায় এবং রাত ২টা পর্যন্ত আটকে রাখে। এতে তারা আরও হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। বিউটি আক্তারের ভাষ্য, বাড়িটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষ কীভাবে জোরপূর্বক বাড়ির দখল নিতে পারে—এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রতিকার দাবি করেন।তিনি আরও বলেন, “আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় হান্নান ও তার সহযোগীরা আমাদের ওপর হামলা করতে পারে। আমাদের কোনো ক্ষতি হলে হান্নান ও তার সহযোগীদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের দায় থাকবে।”এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন বলে জানান।অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর হান্নানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা যতটুকু জানি, যার বাড়ি তিনিই দখলে নিয়েছেন।” তিনি জানান, তারা ওই সময় সেখানে উপস্থিত ছিলেন।তবে বাড়ি দখল, হামলা-হয়রানি কিংবা পুলিশের সহযোগিতার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।ঘটনাটি নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী পরিবার।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ