প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের মারধর
||
নারায়ণগঞ্জের বন্দরে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে রিপা আক্তার নামে এক গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূসহ তার মা ও ভাই আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বালুচর তমোদরদি গ্রামে এ ঘটনা ঘটে।আহত রিপা আক্তারের পারিবারিক সূত্রে জানা যায়, বন্দরের ছনখোলা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে রিপা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী বালুচর তমোদরদি গ্রামের নূরুজ্জামানের ছেলে ইয়াসিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের একপর্যায়ে ইয়াসিন বিয়ের আশ্বাস দিয়ে রিপার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে পরিবারের দাবি।বিষয়টি জানাজানি হলে পরবর্তীতে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। এ সময় ৩ লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয়। বিয়ের পর ইয়াসিন বিদেশে চলে যান। সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে স্ত্রীর বাড়িতে যাতায়াত করলেও গত প্রায় এক সপ্তাহ ধরে রিপার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ পরিবারের।এতে সন্দেহ হলে স্বামীর খোঁজ নিতে বৃহস্পতিবার দুপুরে রিপা তার শ্বশুরবাড়িতে যান। পরিবারের অভিযোগ, সেখানে যাওয়ার পর তার শ্বশুর নূরুজ্জামান, শাশুড়ি বিউটি আক্তারসহ কয়েকজন তাকে মারধর করেন।এ সময় রিপাকে উদ্ধারে তার মা ও ভাই এগিয়ে গেলে তাদেরও কাঠের ডাসা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।রিপার পরিবারের আরও অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুকের টাকা না দেওয়াকে কেন্দ্র করেই এ মারধরের ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ