প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে কৃষক দল নেতার ওপর হামলা, ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
||
সিদ্ধিরগঞ্জে কৃষক দল নেতার ওপর হামলা, ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহাম্মেদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করার পাশাপাশি তার কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায় এবং মোটরসাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন তিনি।এ ঘটনায় শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনির বউ বাজার এলাকায় তার নিজ বাসার সামনে ঘটনাটি ঘটে। পরে সাব্বির আহাম্মেদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে সাব্বির আহাম্মেদ বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় আটি ওয়াবদা কলোনি এলাকার মো. সাহেব আলী (৪০), মিরাজ (২০), রবিউল (৩৩), নুরু (২২), রিমন (১৯) ও হরিজ (২৫)-এর নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।সাব্বির আহাম্মেদের অভিযোগ, কয়েকজন অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। অন্যরা তাকে মারধর করেন। এতে তিনি আহত হলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন।অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে তার পকেটে থাকা নগদ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। একই সময় তার ব্যবহৃত একটি হিরো এক্সট্রিম মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।পরে স্থানীয়দের সহায়তায় আহত সাব্বির আহাম্মেদকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা গ্রহণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা সময় লেগেছে বলে জানান তিনি।সাব্বির আহাম্মেদের দাবি, অভিযুক্তরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি ও স্থানীয় যুবসমাজ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রধান অভিযুক্ত সাহেব আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ