প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাজীগঞ্জ কেল্লায় ছিনতাই-মাদকের স্পট থেকে ৮ শটগান কার্তুজ উদ্ধার
||
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হতেই হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি সরে পড়েন। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে শটগানের ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১।রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর থানার খানপুরের হাজীগঞ্জ কেল্লা এলাকায় এ অভিযান চালানো হয়। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কেল্লার প্রধান ফটক থেকে প্রায় ৫০ মিটার পূর্ব দিকে বাউন্ডারি দেয়ালের পাশে ঝোপের ভেতর কার্তুজগুলোর সন্ধান পাওয়া যায়।র্যাব-১১ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ওইদিন রাত ৮টার দিকে সিপিসি-১-এর একটি বিশেষ দল হাজীগঞ্জ কেল্লা এলাকায় যায়। ছিনতাই ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের জন্য পরিচিত ওই এলাকায় অভিযান পরিচালনার সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন দ্রুত পালিয়ে যান।পরবর্তীতে ওই স্থান ও আশপাশে তল্লাশি শুরু করেন র্যাব সদস্যরা। একপর্যায়ে কেল্লার বাউন্ডারি দেয়ালসংলগ্ন ঝোপে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শটগানের ৮ রাউন্ড কার্তুজ দেখতে পান তারা। পরে কার্তুজগুলো উদ্ধার করে জব্দ করা হয়।র্যাব জানিয়েছে, উদ্ধার করা কার্তুজগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।অবৈধ অস্ত্র ও মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাব-১১-এর অভিযান চলমান থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ