প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিসের উদ্বোধন কাল, নারায়ণগঞ্জে আসছেন মন্ত্রী শেখ রবিউল
||
নারায়ণগঞ্জের কাঁচপুর ও ভোলার ইলিশার মধ্যে সরাসরি ফেরি চলাচল এবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কাঁচপুর ফেরিঘাটে এ সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।ভোলা ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করার লক্ষ্যেই এই নৌপথে সরাসরি ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গত ২৭ আগস্ট থেকে কাঁচপুর-ইলিশা রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পরিচালিত এ রুটে বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি রয়েছে। প্রতিদিন কাঁচপুর ও ইলিশা—দুই প্রান্ত থেকেই একটি করে ফেরি ছেড়ে যায়। একটি ট্রিপে কাঁচপুর থেকে ইলিশা পৌঁছাতে সময় লাগে প্রায় আট ঘণ্টা।সরাসরি এই নৌ যোগাযোগ চালুর ফলে ভোলার সঙ্গে নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার যোগাযোগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রী ও পণ্য পরিবহনও আগের তুলনায় সহজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে ব্যবসায়ী, পণ্য পরিবহনকারী ও ট্রাকচালকদের মধ্যে কাঁচপুর-ইলিশা রুটটি নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।বিআইডব্লিউটিসির সংশ্লিষ্টরা মনে করছেন, ফেরি সার্ভিসটি নিয়মিতভাবে চালু থাকলে ভোলার মানুষের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি এ নৌপথ থেকে সংস্থাটির রাজস্ব আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ