প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্তমান মহানগর বিএনপিকে ইউনিয়ন কমিটিতে পরিণত করা হয়েছে: জাকির খান
||
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কাঠামো গঠনের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের পুরোনো ও ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।তিনি বলেছেন, বিএনপির জন্য দীর্ঘদিন ধরে মাঠে-ঘাটে কাজ করা নেতাকর্মীদের বাদ দিয়ে শক্তিশালী ও কার্যকর মহানগর বিএনপি গঠন সম্ভব নয়। পাড়া-মহল্লা থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করে সংগঠনকে নতুনভাবে সাজাতে হবে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগর পৌর পাঠাগার মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বিএনপির গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন জাকির খান।জাকির খান বলেন, অতীতে যারা ছাত্রদল ও যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের অনেকেই এখন সংগঠনের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ পর্যায়ের নেতা হয়ে উঠেছেন। মহানগর বিএনপির ভবিষ্যৎ কাঠামো তৈরির সময় তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে গুরুত্ব দিতে হবে।তিনি বলেন, বিগত সময়ে মহানগর বিএনপির নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন অনেক তৃণমূল নেতাকর্মী এখন সংগঠনের কাঠামোর বাইরে রয়েছেন। তাঁদের সংগঠনে ফিরিয়ে এনে সবাইকে সঙ্গে নিয়েই মহানগর বিএনপিকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে হবে।তৃণমূল নেতাকর্মীদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে জাকির খান বলেন, দীর্ঘদিন ধরে যারা বিএনপির রাজনীতির সঙ্গে মাঠপর্যায়ে যুক্ত রয়েছেন, তাঁদের একত্রিত হওয়া সংগঠনের জন্য ইতিবাচক। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি তাঁকে গর্বিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূণ কবির, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও মনির হোসেন খান।এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও সিনিয়র সহ-সভাপতি এম এ মজিদ, সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু ও মনিরুজ্জামান মনির এবং বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ