প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
হোসিয়ারি কমিউনিটি সেন্টার দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’: বিএনপি নেতা টিপু
||
হোসিয়ারি কমিউনিটি সেন্টারের অফিস দখলের অভিযোগ টিপুর বিরুদ্ধে, যা বললেন তিনিনারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের মালিকানাধীন হোসিয়ারি কমিউনিটি সেন্টারের একটি অফিস কক্ষ রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে। তবে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপির এই নেতা।এ ঘটনায় অ্যাসোসিয়েশনের অফিস কক্ষ দখলমুক্ত করা, ভবনটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি বদিউজ্জামান বদুর স্বাক্ষরিত আবেদনটি পুলিশ সুপারের কাছে দেওয়া হয়।লিখিত আবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সদর এলাকার ৩১ নবাব সলিমুল্লাহ রোডে, আইন কলেজ সংলগ্ন হোসিয়ারি কমিউনিটি সেন্টার ভবনটি বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের মালিকানাধীন। প্রায় পাঁচ বছর ধরে ভবনটি স্থানীয় একজন ব্যবসায়ীর কাছে বৈধভাবে ভাড়া দেওয়া রয়েছে। সেখানে জন্মদিন, সুন্নতে খতনা, বিয়ে ও বিভিন্ন সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে।অ্যাসোসিয়েশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে স্থানীয় কয়েকজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে ভবনের ভেতরে থাকা সংগঠনটির নিজস্ব অফিস কক্ষ ব্যবহার করছেন। অভিযোগে দাবি করা হয়েছে, কক্ষটি রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হওয়ায় সংগঠনটির স্বাভাবিক প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।সংগঠনটির ভাষ্য, একটি বেসরকারি বাণিজ্য সংগঠনের নিজস্ব অফিস কক্ষ তাদের কার্যকর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিভিন্ন ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সমস্যার সৃষ্টি হয়েছে।তবে অভিযোগ অস্বীকার করে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, কমিউনিটি সেন্টার পরিচালনার জন্য যাদের কাছে ভবনটি ভাড়া দেওয়া হয়েছে, তাদের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমেই সেখানে মাঝে মাঝে নেতাকর্মীদের নিয়ে বসা হয়। এটি কোনোভাবেই দখলের ঘটনা নয়।তিনি দাবি করেন, রাজপথে সক্রিয় বিএনপি নেতাদের বিতর্কিত করার উদ্দেশ্যে ওসমান পরিবারের উস্কানিতে তাদের সহযোগীরা এমন মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেউ কেউ ওসমান পরিবারের সঙ্গে সখ্যতা রেখে বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।আবেদনে আরও বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর কয়েকটি গণমাধ্যমে হোসিয়ারি কমিউনিটি সেন্টারকে কেন্দ্র করে মানুষকে ধরে নিয়ে আসা, ভয়ভীতি প্রদর্শন ও মারধরসহ বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।এসব অভিযোগ তদন্তসাপেক্ষ বলে উল্লেখ করলেও বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের দাবি, তাদের মালিকানাধীন ভবনকে কেন্দ্র করে এ ধরনের সংবাদ প্রকাশের ফলে সংগঠনটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।সংগঠনটি জানিয়েছে, ভবনটিতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাসী কার্যকলাপ, ভয়ভীতি প্রদর্শন, মারধর কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের কোনো সম্পৃক্ততা নেই। ভবনকে কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনা ঘটলে তার দায়ভার সংগঠনটি বহন করবে না বলেও আবেদনে উল্লেখ করা হয়।এর আগে বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন।গত ২৮ জুন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন), নারায়ণগঞ্জের মৌখিক নির্দেশনার পর ভবনটির মালিকানা ও কর পরিশোধসংক্রান্ত নথিপত্রসহ সংগঠনের সভাপতির লিখিত জবানবন্দি দাখিল করা হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।তবে এখন পর্যন্ত অফিস কক্ষটি নিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা বা অভিযোগের বিষয়ে কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন।সর্বশেষ আবেদনে সংগঠনটি অফিস কক্ষটি দখলমুক্ত করা, ভবনে কোনো বেআইনি কর্মকাণ্ড চলছে কি না তা তদন্ত, প্রকৃত মালিকানা ও দখল পরিস্থিতি যাচাই এবং ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।একই সঙ্গে সংগঠনের সম্পদ, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ